খেলাশিরোনাম

‘সরকার ক্রিকেটের পাশাপাশি টেনিসকেও গুরুত্ব দিচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল জনপ্রিয় খেলা হলেও মানুষ এখন টেনিসের সঙ্গেও পরিচিত হচ্ছে। তাই সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেনিসসহ অন্যান্য খেলার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে।
বুধবার (২০ নভেম্বর) গণভবনে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা অপরাহ্নে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার টেনিস কোর্ট তৈরি, প্রশিক্ষণ প্রদানসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এ খেলার প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ছেলেমেয়েদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।
শেখ হাসিনা বলেন, আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি অংশ নেবে, তাদের মনমানসিকতা ততই ভালো হবে। তারা শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি করে তৈরি করতে পারবে।
তিনি বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় বিদেশিরা অংশগ্রহণ করায় একে অন্যের সঙ্গে ওঠাবসার মাধ্যমে পরস্পরকে জানার একটি সুযোগ পাওয়া যায়। সেদিক থেকেও এটা খুবই গুরুত্বপূর্ণ।
বিজয়ী, বিজিতসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৯টি দেশের ২১টি ক্লাবের সব সদস্যের প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে গত ১৩ থেকে ১৮ নভেম্বর খুলনায় শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সংসদ সদস্য সালাম মুর্শেদী এবং শেখ সালাহউদ্দিন জুয়েল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button