খেলা

বদলে গেল গোলাপি টেস্টের সময়

নভেম্বরের শেষ দিকে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম গোলাপি টেস্ট। এই ম্যাচকে নিয়ে চিন্তার কারণ শিশির। এজন্য ইডেন টেস্টের সময় পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই দিবা-রাত্রির ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১.৩০টায়। তার বদলে প্রতিদিনের খেলা ১টায় শুরু করার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) অনুমতি চায় সিএবি। শেষমেশ সেটা মেনেও নিয়েছে বোর্ড।
এ নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘শিশিরের কথা মাথায় রেখে সিএবির অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের সময়সূচীতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। প্রথম সেশন দুপুর ১টা থেকে দুপুর ৩টা। দ্বিতীয় সেশন হবে দুপুর ৩:৪০টা থেকে বিকেল ৫:৪০টা পর্যন্ত। আর শেষ সেশন হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।’
২২ নভেম্বর ইডেনে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিন কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাপি টেস্টেরও উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সাদা পোশাকে বাংলাদেশের যে দলটি সে ম্যাচে খেলেছিল, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে সিএবি। কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকারকেও আনার চেষ্টা করছেন নবনির্বাচিত বিসিসিআই সভাপতি সৌরভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button