
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের আল্লাহ্ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এ অবরোধ ও বিক্ষোভ করেন তারা। পরে বেলা সাড়ে ১২টার দিকে মুসল্লিরা সড়ক থেকে সরে যান।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। ভোলায় পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গুলি চালানো কর্মকর্তাদের বিচারের দাবি করেন। মুসল্লিদের বিক্ষোভের কারণে প্রায় ঘণ্টাখানেক সময় টাউনহল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, রোববার (২০ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র সমাবেশ ঘিরে সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।



