শিক্ষাশিরোনাম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আমরণ অনশনের হুমকি শিক্ষকদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়া হলে শুক্রবার (১৮ অক্টোবর) থেকে আমরণ অনশন পালনের হুমকি দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেলা সাড়ে ১১টা থেকে পায়ে হেঁটে গণভবনে যাবেন শিক্ষক-কর্মচারীরা। তবে এতে কোনরূপ বাঁধা দেওয়া হলে শুক্রবার থেকে আমরণ অনশনের হুমকি দেন শিক্ষক-কর্মচারীরা।
এদিকে, সকাল থেকে এমপিও নীতিমালা সংশোধনের দাবিতে আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু পরে তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনে যাবেন বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহামুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গত তিন দিন ধরে প্রায় ১০ হাজার শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। সরকারের আমলারা নিজেদের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য তুলে ধরছেন। তাই আমরা প্রধানমন্ত্রীর দেখা পেলে আমাদের মানবেতন জীবনযাপন ও অসঙ্গতিপূর্ণ নীতিমালার সার্বিক বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমরা এমপিও নীতিমালায় অসঙ্গতি ও বৈষম্যসহ সার্বিক বিষয় তুলে ধরবো। এরপর এ নীতিমালা সংশোধনের দাবি জানাব। এছাড়া স্তরভিত্তিক প্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত বাতিল ও স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করার দাবি করা হবে সংগঠনটির পক্ষ থেকে।
উল্লেখ্য, আন্দোলনরত শিক্ষকদের দাবি অনুযায়ী এমপিওভুক্তি নীতিমালায় নতুনভাবে এমপিওভুক্তি করার জন্য বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাভুক্ত করা হয়েছে। এতে স্বীকৃতিপ্রাপ্ত অনেক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদে ৩২ বারের মতো প্রেসক্লাবের সামনে আন্দোলনে জড়ো হয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button