শিক্ষাশিরোনাম

আবরারকে পিটিয়ে হত্যা : উত্তাল ঢাবি-বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) পিটিয়ে হত্যার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিলে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
সোমবার সকালে ফাহাদের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে হল ছেড়ে বেরিয়ে এসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ফাহাদ হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও।
রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয়।
‘বিজেপির দালালরা ; হুঁশিয়ার সাবধান’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই; আবরার হত্যার ফাঁসি চাই’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান,’ ‘হলে হলে দখলদারিত্ব; বন্ধ কর, করতে হবে’, ‘সিসিটিভি ফুটেজ গায়েব কেন? প্রশাসন জবাব চাই’ বিক্ষোভে প্রতিবাদী প্লাকার্ড নিয়ে হাজারো শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে এভাবে স্লোগান দেন। বিক্ষোভে কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
আবরার হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি করছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, ‘আবরার হত্যা পেছনে ছাত্রলীগের অতিমাত্রায় ভারতপ্রেম প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেমিক আবরারের ভারতবিদ্বেষী স্ট্যাটাস দেয়ার কারণে তাকে খুন করা হয়েছে।’
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, বুয়েটে ছাত্র আবরার ফাহাদকে হত্যার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনার প্রতিবাদে হল প্রভোস্ট অফিস ঘিরে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাত ২টা ৬ মিনিটের পর আর কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই ফুটেজ পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ফুটেজ উদ্ধারে সাত ঘণ্টার মতো সময় লাগবে। এরপর জানা যাবে ঘটনার মূল কারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button