জাতীয়শিরোনাম

চাঁদাবাজ-মাস্তানরা কারওয়ান বাজার ছাড়ুন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সম্প্রতি কারওয়ান বাজারে চাঁদাবাজির কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, চাঁদাবাজরা কারওয়ান বাজার ছেড়ে চলে যান।’
আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে অনুষ্ঠিত পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতি মাসে কারওয়ান বাজারে একটা করে খুন হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে। চাঁদাবাজিও বন্ধ হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, ‘কারওয়ান বাজারে মাস্তানি-চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘মোহনা টিভির একজন সিনিয়র সাংবাদিক নিখোঁজ রয়েছেন। গুলশানের ডিসি মোস্তাক আহমেদকে নির্দেশ দেওয়া হয়েছে, মোহনা টিভির সাংবাদিককে দ্রুত খুঁজে বের করার জন্য। আশা করছি, দ্রুতই আমরা খুঁজে পাব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বুড়িগঙ্গা নদীতে ছয় থেকে সাত ফুট শুধু পলিথিনের গার্বেজ। বিদেশ থেকে এক্সপার্ট আনা হচ্ছে। তবুও আমরা পুরোপুরি পারছি না। এর কারণ পলিথিন। ক্যানসার, কিডনি রোগী কেন বাড়ছে? কারণ, পলিথিন। মাছের ভেতরে পলিথিন ঢুকে গেছে। তিমি মাছ যখন ধরা পড়ে কিংবা উপকূলে চলে আসে, তখন দেখা যায়, পেটে পলিথিন আর পলিথিন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমান সরকার কঠোর পলিথিনবিরোধী আইন করেছে। কিন্তু কেউ আইন মানি না।’ এ ব্যাপারে কঠোর হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘ঢাকা শহরের মূল সমস্যা আমরা গার্বেজ অপসারণ করতে পারছি না। ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিষ্কাশন করা যাচ্ছে না। এর কারণ পলিথিন। পলিথিন যাতে আমরা ব্যবহার না করি, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা পলিথিন আর ব্যবহার করব না। পলিথিন যে ক্ষতি করে, সেগুলো যদি বিবেচনায় নেই, তাহলে কেউই পলিথিন ব্যবহার করবে না।’
এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button