জাতীয়শিরোনাম

ঈদের আগাম টিকেট বিক্রি শুরু

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর রেলস্টেশনগুলোতে এ টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ দেওয়া হচ্ছে ৭ আগস্টের টিকেট।

রাজধানীর কমলাপুর, বনানী, বিমানবন্দর, তেজগাঁও ও ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে এসব টিকেট বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, টিকেট সংগ্রহের জন্য গতকাল রাত থেকেই অনেক যাত্রী স্টেশনে অপেক্ষা করছেন। তবে আজ লোকজনের চাপ তুলনামূলকভাবে কম মনে হয়েছে।

এর কারণ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ আগস্ট শেষ কর্মদিবস হওয়ায় আজ প্রথম দিন স্টেশনগুলোতে লোকজনের ভিড় তুলনামূলক কম। আগামীকাল থেকে টিকেটের জন্য মানুষের ভিড় বাড়বে বলে প্রত্যাশা তাদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত মানুষ নির্বিঘ্নেই টিকেট সংগ্রহ করতে পারছেন। তবে যাত্রীদের দাবি, ঈদের অগ্রিম টিকেট সকাল ৯টা নয়, ৭টা থেকে দেওয়া শুরু করা উচিত।

এদিকে এরই মধ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, অ্যাপের মাধ্যমে প্রতিদিন ১০ হাজার টিকেট বিক্রি হবে। আজ সকাল সাড়ে ১০টার মধ্যেই অ্যাপে ছয় হাজারের অধিক টিকেট বিক্রি হয়েছে। বাকি টিকেট অ্যাপের মাধ্যমে বিক্রি না হলে সেগুলো কাউন্টারে দিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

ঈদুল ফিতরের মতো এবারও ভিড় কমাতে কমলাপুর এলাকাসহ পাঁচটি এলাকায় টিকেট বিক্রি করা হচ্ছে। অর্ধেক টিকেট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

আগামীকাল মঙ্গলবার দেওয়া হবে ৮ আগস্টের টিকেট। এ ছাড়া ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকেট।

এ ছাড়া ফিরতি টিকেট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী আরো জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন এবং ঈদের অগ্রিম টিকেট ফেরত নেওয়া হবে না।

রেলকর্তৃপক্ষ জানায়, এবারে ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে যমুনা সেতু হয়ে চলা সব ট্রেনের অগ্রিম টিকেট। বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হবে ময়মনসিংহ জামালপুরগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। বনানী স্টেশন থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকেট। ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

কমলাপুর থেকে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের টিকেট। এখান থেকে রাজশাহীর বনলতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও সিল্ক সিটি, খুলনার সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও ঈদ স্পেশাল, পঞ্চগড়গামী দ্রুতগামী এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকেট দেওয়া হবে। বেনাপোলের টিকেটও এখান থেকে দেওয়া হবে। পাওয়া যাবে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের টিকেট। এ ছাড়া রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও লালমনিরহাট ঈদ স্পেশালের টিকেট পাওয়া যাবে এখানে। সিরাগঞ্জের টিকেটও এখানে পাওয়া যাবে। মোট ১৬টি ট্রেনের টিকেট আজ দেওয়া হবে। এর টিকেট সংখ্যা ১৪ হাজার ৯৫। এর মধ্যে অনলাইনে কাটা যাবে নয় হাজার ৪৪৪টি টিকেট, বাকি টিকেট বিক্রি হবে কাউন্টার থেকে।

 সুত্র : এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button