শিক্ষাশিরোনাম

স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ চায় ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি সংবাদদাতা : রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতা, দায়িত্ব-জ্ঞানহীন মন্তব্য এবং ডেঙ্গুর মহামারিকে গুজব বলে উড়িয়ে দেয়ার অভিযোগে ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধনে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, সদস্য শোয়েব হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্য মন্ত্রী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ঢাকা মেডিকেল হাসপাতালসহ দেশের সব মেডিকেল হাসপাতালের পরিবেশ খুবই নোংরা। টয়লেটগুলো অপরিষ্কার। স্বাস্থ্য খাতে এতো বরাদ্দ থাকার পরও জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টা মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটগুলো পরিষ্কার না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ এসব টয়লেট পরিষ্কার করে তাকে দেখিয়ে দিবে কিভাবে পরিষ্কার করতে হয়। স্বাস্থ্য মন্ত্রী এবং ঢাকা সিটির দুই মেয়র তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তারা মশা মারার ওষুধের পরিবর্তে কেরোসিন দিচ্ছেন। তারা ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। এজন্য অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি।’
মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘ডেঙ্গু রোগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের খুবই কষ্ট দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দেয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায়, দায়িত্বহীন বক্তব্য প্রদান করায় এবং ডেঙ্গুর মহামারিকে গুজব বলে উড়িয়ে দেয়ায় ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তাদের ব্যর্থতা এবং লাগামহীন দায়সারা বক্তব্য নেত্রীর সফল অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।’
মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রী এবং দুই মেয়রের প্রতিকী কুশপুত্তলিকা দাহ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button