বগুড়ার শেরপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত : তলিয়ে যাচ্ছে নতুন এলাকা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাঙ্গালী ও করতোয়া নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। প্লাবিত হয়েছে আমন বীজতলাসহ, সবজি,পাটসহ ফসলী ক্ষেত ও পুকুর।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শুক্রবার দুপুর পর্যন্ত শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া, বরিতলী,শালফা,চৌবাড়িয়া,বোয়ালকান্দি, শৈল্লাপাড়া, সুবলী,সাফলজানি,নলবাড়িয়া, চকখানপুর, খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর,নলডিঙ্গী,বোয়ালমারি,ভাতারিয়া,বেড়েরবাড়ি, গাড়ীদহ ইউনিয়নের জয়নগর, ফুলবাড়ি, সুঘাট ইউনিয়নের চরকল্যাণী, চরবেলগাছী,কল্যাণীসহ প্রায় ২৫টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন যে হারে পানি বাড়ছে তাতে আমরা আতংকিত। এদিকে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছে।
কল্যাণী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্য মো.আব্দুর রাজ্জাক লিটন জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিষ্ঠানটি হুমকির মুখে পড়েছে।




