খেলা

ঘরোয়া ফুটবলে ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনন্য ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস। ক্লাব ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে অভিষেকেই প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতে নিয়েছে নবাগত দলটি।
আজ বৃহস্পতিবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন হয় কিংসরা। প্রথম পর্বে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা।
এর আগে স্বাধীনতা কাপের শিরোপাও ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। সবমিলিয়ে অভিষেক আসরে দুই শিরোপা জয়ের কীর্তি গড়ল ঘরোয়া ফুটবলের নতুন দলটি।
অবশ্য আরো আগেই শিরোপা উৎসব করতে পারত বসুন্ধরা কিংস। কিন্তু টানা ১৪ ম্যাচ জেতা দলটি শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে গেলে অপেক্ষা বেড়ে যায়। অন্যদিকে ঢাকা আবাহনী জয় পেলে আরো লম্বা হয়ে ওঠে বসুন্ধরার শিরোপা জয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
এদিন ম্যাচের ১৬ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন সোলাইমানে দিয়াবাত। তাতে কিছুটা চাপে পড়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৩৭ তম মিনিটে বসুন্ধরা শিবিরে স্বস্তি ফেরান কিংসের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস দ্য কস্তা সোয়ারেস। সমতা সূচক গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন এই ব্রাজিল তারকা।
লিগে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। ২২ ম্যাচে ১৯টি, ২টি ড্র ও মাত্র ১ হারে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫৯। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। ২৩ ম্যাচে ১৮ জয়ে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button