জাতীয়শিরোনাম

সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়িয়ে পড়া অপরাধ নয় : দুদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরল বিশ্বাসে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সিআরপিসি (প্যানাল কোড) অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সরল বিশ্বাসে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি অপরাধ বলে গণ্য হবে না। সেটিকে বড় করে সমস্যা মনে করার কথা নয়। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে, তা নিশ্চিত হতে হবে।’
ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা। দমন তার পরে।’
তিনি আরো বলেন, ‘প্রাইমারি ও মাধ্যমিক লেভেলে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্ম, যাদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে, মানবিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ যদি তাদের মধ্যে গড়ে তোলা না যায়, তবে কোনো কিছুই টেকসই হবে না। দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনো কিছুই গড়ে তোলা যাবে না। এজন্য ডিসিদের বলেছি, জেলা ও উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন ও মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে শিক্ষা দেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করতে।’
গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দেখার জন্য আমরা ডিসিদের বলেছি। কোথাও অনিয়ম পেলে আমাদের জানাতে বলেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button