রাজনীতিশিরোনাম

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার না হলে দেশজুড়ে গণআন্দোলন -বিএনপি

অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার না হলে রাজপথে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি।
বুধবার (৩ জুলাই) দুপুর ১২টায় গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত পথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, কোনো কারণ ছাড়াই ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের মানুষের ওপর যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’।
রিজভী বলেন, জনগণের ওপর গ্যাসের মূল্যবৃদ্ধির অনৈতিক ও অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের নিষ্ঠুর আদেশের ফলে সাধারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমরা সরকারের এই বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
অভিযোগ করে বলেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখল এবং সেই ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০ মাস আগেই মিথ্যা ও সাজানো মামলায় জড়িয়ে সরকার অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে।
তিনি এ সময় বলেন, আমি আবারও অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
পথসভার পর একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button