বিনোদন

অবশেষে অর্জুনকে প্রকাশ্যে স্বীকৃতি দিলেন মালাইকা!

নানা কানাঘুষা আর গুঞ্জনের পর অবশেষে অর্জুন কাপুরের সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন মালাইকা অরোরা। মালাইকার আনুষ্ঠানিক স্বীকৃতি যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মর্কিন মুলুকে এ যুগল ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন।
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমকাহিনী সিনেপাড়ায় নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা খবরের শিরোনাম হচ্ছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন পার্টিতে ক্যামেরাবন্দি হন। দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন—এর আগে পত্রপত্রিকায় এমন প্রতিবেদনের পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন এ যুগল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি।
গত সোমবার রাতে হাতে ট্রলি আর কাঁধে ব্যাগ নিয়ে আলোকচিত্রীদের এড়াতে দ্রুত মুম্বাই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। কোথায় চলেছেন তাঁরা? এমন প্রশ্ন ঘোরে অন্তর্জালে। অবশ্য অনেকের অনুমান ছিল, ২৬ জুন অর্জুনের জন্মদিন। আর বিশেষ দিনটি একসঙ্গে উদযাপনের জন্যই তাঁরা দূরে কোথাও পাড়ি জমাচ্ছেন। গুঞ্জন সত্যি হলো। আর অর্জুনের বিশেষ দিনে প্রেমের কথা স্বীকার করলেন মালাইকা।
গতকাল বুধবার ছিল অর্জুন কাপুরের জন্মদিন। অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই। তবে জন্মদিন উদযাপন করতে মালাইকাকে নিয়ে নিউইয়র্কে যান অর্জুন। সেখানেই একসঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন মালাইকা। ছবিতে অর্জুনের হাত ধরে থাকতে দেখা যাচ্ছে ‘ছাইয়া ছাইয়া’ কন্যাকে। আর অর্জুন তাকিয়ে রয়েছেন মালাইকার দিকে।
ক্যাপশনে মালাইকা লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল পাগল, মজার মানুষ, দারুণ মানুষ অর্জুনকে। রইল ভালোবাসাও।’
মালাইকার পোস্ট করা ছবি আর ক্যাপশন দেখে বলাই যায়, এই ছবির মাধ্যমে প্রকাশ্যে অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। মালাইকার এই পোস্টে কমেন্ট করেছেন বলিউড তারকা দিয়া মির্জা, পরিণীতি চোপড়া, সোফিয়া চৌধুরীসহ আরো অনেকে।
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। এরই মধ্যে সাবেক এ যুগল নতুন জীবন শুরু করেছেন। আরবাজ খান খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানিকে আর মালাইকাও অর্জুন কাপুরের সঙ্গে বি-টাউনে এঁকেছেন লালগালিচা। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা ও আরবাজ। তাঁদের সংসারে রয়েছে ১৬ বছরের ছেলে আরহান।
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এর পরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়। তবে সেই গুঞ্জন সত্য হয়নি। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button