শিরোনামশীর্ষ সংবাদ

‘৫টার মধ্যে শেষ করতে চাই, আজ ক্রিকেট খেলা’

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর ওই দিনই আলোচনা সভা! আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ম্যাচের কথা মনে করিয়ে দিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৫টার মধ্যে শেষ করতে চাই। আজকে ক্রিকেট খেলা আছে। মনে আছে তো?’
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই আলোচনা সভা হয়। গতকালই ইংল্যান্ডের সাউদাম্পটনে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটা জিতে সেমিফাইনালের লড়াইয়ে থাকার লক্ষ্য ছিল মাশরাফিদের। সাকিব-মুশফিকদের দুর্দান্ত পারফরম্যান্সে কাঙ্ক্ষিত জয়টা পেয়েছে বাংলাদেশ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা ৫টার মধ্যে শেষ করতে চাই। আজকে ক্রিকেট খেলা আছে। মনে আছে তো? খেলা দেখতে হবে। বক্তাদের বলব একটু শর্ট করে বক্তৃতা দিতে।’
ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর ওই আগ্রহকে নিরাশ করেনি বাংলাদেশ দল। বিশেষ করে সাকিব ছিলেন এক অর্থে সুপারম্যান। ব্যাটে-বল ওই ম্যাচে বিশ্বরেকর্ডও করেছেন তিনি। মুশফিক ৮৩ রানের দারুণ একটা ইনিংস খেলেন। আফগানিস্তানকে ৬২ রানে পরাজিত করে বাংলাদেশ। ওই জয়ে এখনো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছেন মাশরাফিরা।বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button