রাজনীতিশিরোনাম

ক্ষমতার দাপট দেখাবেন না, আ.লীগ নেতাদের কাদের

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। ত্যাগীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না।
সোমবার (১৭ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সুবিধাবাদীদের দল না। দুঃসময় সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। দলের স্বার্থে কাজ করুন। ত্যাগী, অসুস্থ ও অস্বচ্ছল কর্মীদের পাশে দাঁড়ান।
তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোনোও বিকল্প নেই। সদস্য সংগ্রহ অভিযান ধারালো হাতিয়ারের মতো কাজ করবে। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আত্মা পড়ে আছে তৃণমূলে। অসংখ্য গরিব, দুঃখী, অসহায় কর্মীর ঘরে পড়ে আছে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে। গরিব দুঃখী কর্মীদের ভালোবাসতে হবে। সহানুভূতি দেখাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবিক গুণ বিশিষ্ট নেত্রী। তিনি অসহায় গরিব কর্মীদের পাশে সবসময় দাঁড়ান, তাদের খোঁজ-খবর রাখেন। আমাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ, অনুকরণ করতে হবে।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর। নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button