
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০০ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ফল বাতিলের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
রোববার (৯ জুন) সকাল ১১টার দিকে আন্দোলনরত চিকিৎসকরা সোমবার থেকে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল বের করে ও নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবি জানিয়ে স্লোগান দেয়।
তারা উপাচার্যের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতে কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন।
চিকিৎসকরা অভিযোগ করেন, আমরা শুধু ভিসি স্যারের সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু উনি আনসার ব্যবহার করে আমাদের ওপর লাঠিচার্জ করেছেন।
সরেজমিনে দেখা যায়, চিকিৎসকরা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
গত ২০ মার্চ অনুষ্ঠিত ২০০ জন চিকিৎসক নিয়োগ পরীক্ষার ফলাফল গত ১২ মে দুপুরে প্রকাশ হয়। ১৮০ জন মেডিকেল অফিসার ও ২০ জন ডেন্টাল চিকিৎসক পদে ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আট হাজার ৫৫৭ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৭১৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে মোট ৮২০ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই অর্ধ শতাধিক চিকিৎসক বিক্ষোভ শুরু করেন। এরপর থেকে তাদের আন্দোলন চলছে। তারা কয়েক দফা ভিসির কার্যালয় ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাস ও ভিসির কার্যালয় ঘিরে পুলিশ-আনসার মোতায়েন রাখা হয়।
আন্দোলনকারীদের দাবি, ভর্তি পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম হয়েছে। ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রকদের স্বজনদের নিয়োগ দেওয়ার জন্য পরীক্ষার ফলে টেম্পারিং করা হয়েছে। তারা এ বিশ্ববিদ্যালয় থেকেই বিভিন্ন কোর্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এখানেই তাদের চাকরি হবে বলে আশা করছিলেন। লিখিত পরীক্ষাও ভালো হয়েছে। কিন্তু অনিয়মের কারণে এখন বাদ পড়ছেন।




