নিজের বাচ্চার জন্য দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে যান,হন খবরের শিরোনাম যা দ্রুতই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাদ্যমে। এবার সেই অসহায় পিতার পাশে দাঁড়াচ্ছে দেশের খ্যাতনামা সুপার শপ স্বপ্ন। মানবিক দিক বিবেচনা করেই স্বপ্ন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
শনিবার স্বপ্নের হেড অফ মার্কেটিং তানিম করিম এমন তথ্য নিশ্চিত করে জানান, এ রকম একটি হৃদয়বিদারক ঘটনার কথা জানতে পেরে আমাদের কোম্পানি সেই বাবাকে চাকরি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
তিনি এও জানান, আমরা প্রায়ই এমন ঘটনার মুখোমুখি হই, তাই ঘটনার সত্যতা যাচাই না করে, আমরা এখনি নিশ্চয়তা দিচ্ছিনা। তার এই মাস চলার জন্য যা যা বাজার প্রয়োজন তা আমরা তুলে দেবো। এছাড়াও তার উপযোগী যে চাকরি আমাদের কোম্পানিতে আছে সেখানেই আমরা তাকে পদায়ন করবো।
তানিম করিম আরো জানান, যে পুলিশ কর্মকর্তা ওই ঘটনার সাক্ষী ছিলেন, আমরা ওনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাকে পেলেই আমরা জানিয়ে দিবো।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীতে পৌনে ৯টার দিকে বাকী সড়কে এ চুরির ঘটনায় সেই বাবা ধরা পড়লে হট্টগোল হয়। এ অবস্থা দেখে এগিয়ে যান সেখানকার চেকপোস্টের দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। এসময় সব শুনে তিনি নিজে দুধের দাম দিয়ে সেই অসহায় বাবাকে ছেড়ে দেন। পরে এ ঘটনা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিলে আলোচনার জন্ম হয়।




