উপমহাদেশশিরোনাম

লাহোরে মাজারের কাছে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত

পাকিস্তানের লাহোরে একটি বিখ্যাত মাজারের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‘দাতা দরবার’ নামে ওই মাজারের একটি গেটের বাইরে ঘটা বিস্ফোরণে এখন পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ সদস্যও আছেন।
আজ বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ওই মাজারের বাইরের দিকে বোমা বিস্ফোরণ ঘটে। দেশটির অন্যতম সংবাদমাধ্যম ডন ওই তথ্য জানিয়েছে। লাহোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আশফাক আহমেদ খান জানিয়েছেন, ওই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, দাতা দরবারের ২ নম্বর গেটে একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের প্রকৃত ধরন নির্ধারণে আরো কিছুটা সময় লাগবে। পুলিশের ধারণা, এটি আত্মঘাতী হামলা।
পুলিশ সুপার সৈয়দ ঘাজানফার শাহ বলেন, ‘বিস্ফোরণে আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ হামলায় মূল্যবান জীবননাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারও এ হামলায় নিন্দা জানিয়েছেন। দ্রুত এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button