শিক্ষাশিরোনাম

প্রাথমিকের শিক্ষক হতে নারীদেরও স্নাতক লাগবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে নারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস লাগবে। এই মর্মে পূর্বের বিধিমালা সংশোধন করে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০১৯’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩ মার্চ স্বাক্ষর করা এ বিধিমালা মঙ্গলবার প্রকাশ হয়েছে।
মূলত এর আগে নারীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন উচ্চ মাধ্যমিক বা এইচএসসি’র সনদ দিয়ে। নতুন এ বিধিমালা জারি করাতে আগের ওই সুযোগ আর থাকছে না।
সংশোধিত এই নতুন বিধিমালায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে আবেদন করার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। আগে বিধান মতে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর এবং সহকারী শিক্ষক পদে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করার বিধান ছিলো। তবে নতুন বিধিমালাতে আগের মতোই সরাসরি এবং পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়ার বিধান রাখা হয়েছে।
এদিকে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হিসেবে নিয়োগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ’সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি নির্ধারণ করা হয়।
নতুন এ বিধিমালায় বলা হয়েছে, সরাসরি নিয়োগযোগ্য পদের ৬০ শতাংশ মহিলা প্রার্থী, ২০ শতাংশ পোষ্য প্রার্থী এবং অবশিষ্ট ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। প্রত্যেক ক্যাটাগরিতে অবশ্যই ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ দিতে হবে।
নতুন বিধিতে আরো বলা হয়, তবে বিজ্ঞান ডিগ্রিধারী প্রার্থীদের দিয়ে ওই ২০ শতাংশ কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে তা পূরণ করা যাবে। প্রধান শিক্ষক ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। তবে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ দেওয়া যাবে।
এই বিধি মতে, সহকারী শিক্ষক হিসেবে কমপক্ষে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতির বিবেচনায় আসবে। আর সরাসরি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে ।
বিধিমালায় আরো বলা হয়, কাউকে কোনো পদে আগে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হলে এবং ওই পদে তিনি অব্যাহতভাবে নিযুক্ত থাকলে তার জন্য প্রযোজ্য সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য।
বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button