শিক্ষাশিরোনাম

শিক্ষার্থীদের ফাঁসাতে ‘সুপ্রভাত’ বাসে পরিবহন শ্রমিকের আগুন

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রগতি সরণি অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ সহপাঠিরা। মেয়রের আশ্বাসের পরও তারা পথ সড়ক ছাড়েনি। আট দফা দাবিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের ফাঁসাতে এক পরিবহন শ্রমিক নিজেই সুপ্রভাত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা ওই আগুন নেভানোর চেষ্টা চালায়।
যমুনা ফিউচার পার্কের সামনে কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় অবরোধ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিক সুপ্রভাত পরিবহনের এক হেলপার হঠাৎ করে এসে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা হতবিহ্বল হয়ে পড়েন। এ নিয়ে বিইউপি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। পরে শ্রমিকের আগুন লাগানোর বিষয়টি ধরা পড়লে ভুল বোঝাবুঝির অবসান হয়।
এদিকে বাসে আগুন দেয়া ওই শ্রমিককে ধরতে গেলে পুলিশ কৌশলে তাকে পালিয়ে যেতে সাহায্য করে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় এক শিক্ষার্থীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে নিহত ওই শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বাসচালককে পুলিশ আটক করলেও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনে কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় তারা সড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন।
বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম । তিনি বাসচালকের শাস্তি নিশ্চিত করা ও নিহত শিক্ষার্থীর নামে সেখানে একটি পদচারী-সেতু নির্মাণের আশ্বাস দেন। তবে মেয়রের এই আশ্বাসে সাড়া দেননি অবরোধকারীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বাসচালকের শাস্তি, নতুন বাসচালকেরা যেন যথাযথ নিয়মে ড্রাইভিং লাইসেন্স পান, গুরুত্বপূর্ণ এলাকায় জেব্রাক্রসিংয়ের ব্যবহার, জেব্রাক্রসিংয়ের সামনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন ও প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে ফুট ওভারব্রিজ স্থাপন। অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button