আগে পড়া-লেখা তারপর বিনোদন: নায়িকা মৌমিতা

লাইট-ক্যামেরা-অ্যাকশনে সারা বছর ধরে ব্যস্ত চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরা এখন বনভোজনে আনন্দ-আড্ডায় সময় কাটাচ্ছেন। কিন্তু সেখানে উপস্থিত নেই সময়ের সম্ভাবনাময়ী নায়িকা মৌমিতা মৌ।
বনভোজনে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে অনুপস্থিতির কারণ জানিয়ে মৌমিতা মোবাইল ফোনে বলেন, আমার এক্সাম চলছে। সাথে শরীরও সুবিধার নেই। তাই অনেক ইচ্ছা থাকার পরেও পিকনিকে যাওয়ার ব্যাপারে এই অনিশ্চয়তা। আমার আম্মু বলেছেন, আগে পড়া-লেখা তারপর বিনোদন। আমি আমার মায়ের বাধ্য মেয়ে। তবু সবাইকে খুব মিস করছি।
বুধবার (৩০ জানু.) সকাল ১০টা থেকেই নবীন-প্রবীন চলচ্চিত্র তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পিকনিক স্পট। আছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ান, সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা।
সাধারন সম্পাদক জায়েদ খান জানান, প্রায় দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে এবারের বনভোজনে। সবাই ঘুরছে, মজা করছে, গান বাজনা উপভোগ করছে। এটাই আনন্দ।
তিনি জানান, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে নাচ পরিবেশন করবেন একঝাঁক নায়ক-নায়িকা। এরই মধ্যে এফডিসিতে মহড়ায় অংশ নিচ্ছেন জয় চৌধুরী , শিপন মিত্র , নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, আঁচল, জলি, বিপাশা, নীড় , দিপালী, অমৃতা।
এছাড়াও বনভোজনে আছেন সোহেল রানা, ডিপজল, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, আলেকজান্ডার বো, আমিন খানসহ আরও অনেকেই।



