জাতীয়

অভিবাসন প্রক্রিয়ায় মধ্যসত্বভোগী ঠেকাতে নজরদারি বাড়ানো হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, অভিবাসন ব্যয় কমাতে জনশক্তি রফতানি সেবা উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে হবে। নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যসত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে।
রোববার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)-এর সভাপতি বেনজীর আহমেদ-এর নেতৃত্বে বায়রা নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষ কর্মী ব্যবস্থাপনাই টেকসই উন্নয়নের হাতিয়ার। অধিক দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান মানেই অধিক রেমেটেন্স প্রাপ্তি।
তিনি বলেন, দুই থেকে তিন স্তরের মধ্যসত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিকহারে বেড়ে যায়।
এর আগে বায়রার প্রতিনিধিবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তাফা, সাবেক সভাপতি আবুল বাসার, বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, যুগ্ম মহাসচিব তাজুল ইসলামসহ বায়রার নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বায়রা সভাপতি বেনজীর আহমেদ শ্রমবাজার সম্প্রসারণে নবনিযুক্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ-এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। নতুন নতুন শ্রমবাজার সন্ধানে বায়রা প্রবাসী মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দেন বায়রা সভাপতি বেনজীর আহমদ। প্রবাসী মন্ত্রী বর্হিবিশ্বে জনশক্তি রফতানিতে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button