
মোঃআব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য ক্রীড়া ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিত।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নূরউদ্দিন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো.জাবেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.আব্দুস সবুর, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. ইউসুফ নবী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সারোয়ার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রীড়া সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নূরউদ্দিন রাজু, সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন জুমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম উদ্দিন কাদের নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, সহকারী ক্রীড়া সম্পাদক মো. আরফান, প্রচার সম্পাদক মো. জাবের এবং সহকারী প্রচার সম্পাদক মো. রাসেল।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নূরউদ্দিন রাজু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ক্লাবের ঐতিহ্য ধরে রেখে ক্রীড়া ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




