বিনোদন

বলিউডে আসছেন শ্রীদেবীর ছোট কন্যা

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর ‘ধড়ক’ দিয়ে চলতি বছরে বলিউডে পা রেখেছেন। ‘ধড়ক’ প্রযোজনা করেছিলেন বিশিষ্ট নির্মাতা, টিভি ব্যক্তিত্ব করণ জোহর। এ ছবিতে অভিষেক হয়েছিল অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরেরও। জুটি বেঁধেছিলেন তাঁরা।
প্রযোজক বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা জাহ্নবীর অভিষেকের পর সবাই মুখিয়ে আছেন কবে বোনের পদাঙ্ক অনুসরণ করে বিনোদন দুনিয়ায় পা রাখবেন খুশি কাপুর। অবশেষে সেই কামনা পূরণ হতে চলেছে বি-টাউন অনুরাগীদের।
আগে থেকেই কানাঘুষা চলছিল, জাহ্নবীর মতোই করণ জোহরের হাত ধরে হিন্দি সিনেমায় যাত্রা শুরু হবে খুশি কাপুরের, যিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। সেই গুঞ্জন সত্যি হলো। খুশির অভিষেক নিয়ে মুখ খুললেন করণ।

খুশি ও তাঁর বড় বোন জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

সম্প্রতি নেহা ধুপিয়া সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য় (মৌসুম-৩) নির্মাতা করণকে জিজ্ঞেস করা হয়েছিল, নতুন বছরে তারকা-সন্তানদের মধ্যে কার অভিষেক হতে চলেছে। উত্তরে সেই ইঙ্গিত পাওয়া গেল।
ওই শোতে করণ জোহর বলেন, ‘মিজান (অভিনেতা-কমেডিয়ান জাভেদ জাফরির ছেলে) অসাধারণ তারকা ও নৃত্যশিল্পী। এবং সম্ভবত খুশি কাপুর, সে গর্জিয়াস ও খুব সুন্দর।’
সুতরাং, বলিউডে যে খুশি কাপুর আসছেন, তা কি করণের কথায় পরিষ্কার নয়?
বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই জাহ্নবীর সঙ্গে খুশি কাপুরকে দেখা যায়। সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। অভিষেকের আগেই বেশ জনপ্রিয় খুশি।
ভক্তরা শ্রীদেবীর ছোট কন্যাকে রুপালি পর্দায় দেখার জন্য উন্মুখ। সূত্র : বলিউড বাবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button