রাজনীতি

‘জামায়াত, হেফাজত ও খেলাফত সবই আ.লীগের সঙ্গে’

গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী বলেছেন, ‘ইসলামী ধর্মভিত্তিক দলগুলোর শতকরা ৯০ ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করছে। আগেও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত, হেফাজত, খেলাফতসহ ধর্মভিত্তিক দলগুলো জোট বেঁধে নির্বাচন করেছে। এবারও করছে।’
আজ বুধবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সুব্রত চৌধুরী।
জামায়াতের সঙ্গে নির্বাচন করতে তার কোনো অসুবিধা হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, ‘জামায়াত যখন আওয়ামী লীগের সঙ্গে থাকে, তখন এ নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। আগেও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখনো আছে।’ সুব্রত চৌধুরী বলেন, ‘আগেও বেশ কয়েকজন জামায়াত নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়ে সংসদে গেছেন।’ এবারও জামায়াতের কয়েকজন নেতা নৌকা নিয়ে নির্বাচন করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত নেতা নদভী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, এবারও করছেন।’
সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে সুব্রত চৌধুরী বলেন, ‘দেশের ইসলামী দলগুলোর মধ্যে কতটি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করছে, সে খবর তো আপনাদেরই ভালো জানার কথা। জামায়াত, হেফাজত, খেলাফত সবই তো সরকারি দলের সঙ্গে। যে হেফাজত নিয়ে এত কথা, সেই হেফাজতও এখন আওয়ামী লীগের সঙ্গে। কই এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই?’
অপর এক প্রশ্নের জবাবে সুব্রত চৌধুরী বলেন, ‘সরকার জনগণের কাঁধে জগদ্দল পাথরের ন্যায় ভর করেছে। তারা গত ৫ জানুয়ারির মতো যেকোনো প্রকারেই একটি একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চাইছে। এবার আর তাদের সেই সুযোগ দেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ঐক্যফ্রন্ট সফল হবে। জনরায়ের মাধ্যমেই এই সরকারকে করুণভাবে বিদায় নিতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button