বিনোদন

বুঝতেই বহু বছর কেটে গেছে পার্বতীর!

অভিনেত্রী পার্বতী বলেছেন, শৈশবে যে তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, তা বুঝতেই কেটে গেছে বহু বছর। এবং এখনো তিনি সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি। এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা।
‘কারিব কারিব সিঙ্গেল’ তারকা পার্বতী বলেন, ‘খুব ছোট ছিলাম, তখন এটা ঘটেছিল। ১৭ বছর লেগেছে এটা বুঝতে যে এ-ও আমার সঙ্গে হয়েছে। তখন আমার বয়স তিন-চার হবে। কাউকে কিছু বলতে পারিনি তখন। কিন্তু আমি হেনস্তার শিকার হয়েছিলাম। এবং যখন মুখ খুলছি, আরো ১২ বছর কেটে গেছে।’
গত মঙ্গলবার জিও মামি ২০তম মুম্বাই চলচ্চিত্র উৎসবে যোগ দেন পার্বতী। অনুষ্ঠানে যৌন হেনস্তা নিয়ে মুখ খোলেন তিনি। এ ব্যাপারে অনেক তারকার নীরব ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন পার্বতী।
ভারতজুড়ে এখন চলছে হ্যাশট্যাগ মি টু ঝড়। গত মাসে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন বলিউডের সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত। বলেন, এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে নানা হেনস্তা করেন তাঁকে। এর পরই হেনস্তা নিয়ে মুখ খুলতে থাকেন অপরাপর অভিনেত্রীরা। বেরিয়ে আসে অনেক রথী-মহারথীর নাম।
‘এখানে বসে সেই সত্যটাই বলছি, যা আমার সঙ্গে হয়েছে… কিন্তু একে আমার লিঙ্গ দ্বারা সংজ্ঞায়িত করা চলবে না। প্রথমত, আমি এখানে বসেছি ব্যক্তি হিসেবে এবং তারপর অন্য ট্যাগগুলো আসবে,’ বলেন পার্বতী।
‘কিন্তু যখন টিকে থাকার কথা আসে… এটা এখনো আমার প্রতিদিনের সংগ্রাম, নিত্যদিনের অনুধাবন বটে। এটা প্রতিদিনের ঘটনা। এবং আমার বন্ধুরা, মা-বাবা এর সঙ্গে মানিয়ে নিয়েছে। প্রতিদিনই এর চরম চর্চা চলছে,’ যোগ করেন পার্বতী।

দক্ষিণী চলচ্চিত্রে বেশ নামডাক পার্বতীর। ছবি : ইনস্টাগ্রাম

পার্বতী এ-ও বলেন, তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বেড়ে উঠেছেন। ‘নিজের অভিজ্ঞতা অনুযায়ী, প্রতিদিনই নিজেকে ভুক্তভোগী মনে হয়। ভুক্তভোগী শুধু শারীরিক বিষয় নয়। এটা অবিরাম মানসিক,’ বলেন তিনি।
‘টেক অফ’ অভিনেত্রী পার্বতী দক্ষিণী চলচ্চিত্র শিল্পে বেশ জনপ্রিয়। মালয়ালাম ছবিতে বেশ পরিচিত মুখ। বিস্ময় প্রকাশ করে পার্বতী আরো বলেছেন, যৌন হেনস্তা নিয়ে বলিউড তারকারা যেভাবে মুখ খুলেছেন, মালয়ালাম বা তামিল-তেলেগু তারকারা রয়েছেন তার বিপরীত মেরুতে।
‘আমরা বিস্মিত, সফল প্রযোজক, অভিনেতারা যেভাবে এগিয়ে এসেছেন এবং তাঁদের সমর্থন ব্যক্ত করছেন; ঠিক সেভাবে শুধু মালয়ালাম ইন্ডাস্ট্রিই নয়, তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিকেও আমরা পাচ্ছি না,’ বলেন পার্বতী।
উৎসবে আরো উপস্থিত ছিলেন পরিচালক অঞ্জলি মেনন। তিনি বলেন, হেনস্তাকারীদের শুধু নামই প্রকাশ করলে চলবে না, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাও নিতে হবে। ভুক্তভোগীদের সমর্থনে সবার এগিয়ে আসা উচিত বলে মনে করেন অঞ্জলি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডিএনএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button