
রতন রায়হান, রংপুর: রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের কাছে হারাগাছ পৌরসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
অদ্য ২২ আগস্ট ২০২৬ তারিখে হারাগাছ পৌর প্রশাসক এর মাধ্যমে পৌর কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে জানানো হয়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হারাগাছ পৌরসভা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বরাদ্দের অভাবে অবহেলিত। তবে সংসদ সদস্যের প্রচেষ্টায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাপ্ত প্রায় ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দের মাধ্যমে জরুরি রাস্তা ও ড্রেন নির্মাণের টেন্ডার আহ্বান করা সম্ভব হয়েছে।
উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে স্মারকলিপিতে যেসব প্রধান দাবি উত্থাপন করা হয়েছে:
হাট-বাজার ও পার্ক নির্মাণ: রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত গোল্ডেনের ঘাট ব্রিজ সংলগ্ন জায়গায় সাপ্তাহিক পৌর হাট-বাজার সৃজন করা প্রয়োজন এবং ধুম নদীকে কেন্দ্র করে একটি বিনোদন পার্ক ও ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়।
পৌরসভা গ্রেড উন্নীতকরণ: দীর্ঘদিনের ‘গ’ শ্রেণি থেকে পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ বরাদ্দ, VGF ও TCB সুবিধা বৃদ্ধি পায়।
বকেয়া বেতন ও বিশেষ বরাদ্দ: পৌরসভার কর্মীদের ৫৮ মাসের বকেয়া বেতন-ভাতার জন্য প্রায় ২ কোটি ৬৩ লক্ষ টাকা অনুদান এবং পৌরসভার উন্নয়নে আরও ১৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এমপি সাহেবের রাজনৈতিক সুপারিশ চাওয়া হয়।
কমিউনিটি সেন্টার স্থাপন: ঘনবসতিপূর্ণ এ এলাকায় সামাজিক অনুষ্ঠানের সুবিধা বাড়াতে জরাজীর্ণ ফুড গোডাউন ভেঙে একটি নতুন ‘কমিউনিটি সেন্টার কাম-অডিটোরিয়াম’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
পৌরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা প্রদান এবং ‘গ্রিন-ক্লিন’ আলোকিত শহর গড়তে সংসদ সদস্যের ধারাবাহিক সহযোগিতা ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন হারাগাছ পৌরবাসী ও কর্মচারীবৃন্দ।




