বিনোদন

যৌন হেনস্তা: তনুশ্রীকে নানার আইনি নোটিশ

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ করার পর এটাকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকর। এবার কথামতো কাজও করে দেখালেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ এ অভিনেতা। অভিনেত্রী তনুশ্রী দত্তকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নানা পাটেকরের আইনজীবী রাজেন্দ্র শিরোধকর। সোমবার তিনি জানান, ‘তনুশ্রীকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবারই নোটিশটি হাতে পাবেন তিনি। নোটিশে অভিনেতা নানা বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং মিথ্যা ও বানোয়াট খবর রটনার জন্য তনুশ্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজেস’ ছবির সেটে নানা পটেকর তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে সম্প্রতি ভারতীয় টেলিভিশন ‘নিউজ১৮’-কে দেয়া সাক্ষাতকারে অভিযোগ করেন তনুশ্রী দত্ত। এই অভিযোগে বর্তমানে সরগরম বলিউড। তনুশ্রীর অভিযোগ সত্যি, এমন দাবি করেছেন সে সময় শুটিং সেটে উপস্থিত থাকা সাংবাদিক জেনিস সেকিরা ও সহ-পরিচালক শাইনি শেট্টি। তারা নাকি পুরো ঘটনাটাই দেখেছিলেন।
এই অভিযোগের প্রেক্ষিতে কিছুদিনের মধ্যে নানা পটেকর একটি সাংবাদিক বৈঠক ডাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী রাজেন্দ্র শিরোধকর। তার কথায়, ‘আমি বেশি কিছু বলতে পারব না। আমার কোনো ধারণা নেই। তনুশ্রী কেন এ ধরণের অভিযোগ করছেন তাও জানি না। নিশ্চয়ই এর পেছনে কোনও কারণ আছে। নানা সাংবাদিক বৈঠকে সব বলবেন।’
তবে শুধু সাংবাদিক জেনিস সেকিরা ও ‘হর্ন ওকে প্লিজেস’ ছবির সহ-পরিচালক শাইনি শেট্টিই নন, বলিউডের বড় একটা অংশ এখন তনুশ্রীরই পাশে। তার হয়ে কথা বলেছেন ফারহান আখতার, প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রানাউত, টুইঙ্কেল খান্না, পরিণীতি চোপড়া, সোনম কাপুর, কঙ্কনা সেনশর্মা, অনুরাগ কাশ্যপ, রিচা চাড্ডা ও কুনাল কাপুরদের মতো তারকারা।
তেমনি অভিযুক্ত নানা পাটেকরের সমর্থনে দাঁড়াতে দেখা গেছে পরিচালক মেহুল কুমার, নৃত্য পরিচালক গণেশ আচার্য ও বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। তনুশ্রীকে চ্যালেঞ্জ জানিয়ে গত শনিবার রাখি তো একটি সাংবাদিক বৈঠকও করেন। সেখানে তিনি তনুশ্রীকে আক্রমণ করে কথা বলেন। এবার নানা পটেকরের সাংবাদিক বৈঠক থেকে নতুন কী খবর আসে সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button