জাতীয়

নির্বাচনে সাইবার ক্রাইমের হুমকি দেখছে সিটিটিসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার ক্রাইমের হুমকি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম। বলেছেন, ‘তবে কেউ বা কোনও চক্র যেন অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে না পারে, তার জন্য সিটিটিসি সজাগ ও তৎপর রয়েছে।’
শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাব কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
নির্বাচন ঘিরে সাইবার হামলার অপতৎপরতা ঠেকাতে সিটিটিসি সজাগ উল্লেখ করে ইউনিটটির প্রধান বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে কাউন্টার টেররিজম ইউনিট। নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে পারে।’
‘এ জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।’
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি নেই জানিয়ে সিটিটিসি প্রধান বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনও হুমকি নেই; এরপরও আমরা বিষয়টি নজরদারির মধ্যে রেখেছি।’
আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হবে। এ রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টার খবর আছে কিনা জানতে চাইলে মনিরুল বলেন, ‘কেউ যদি নাশকতার চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন এবং আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button