রাজনীতি

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি সরকারের উদ্দেশে বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিন, তাঁর সঙ্গে আলোচনা করেন, তাহলে দেশে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি যাবে। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা গ্রহণ করব না। বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি একসময় চাকরি হারিয়েছিলেন। শেখ হাসিনা তাঁকে নিয়ে এসেছেন তাঁর উপকারের জন্য। তিনি নিজেও বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারবেন না।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি, খালেদা জিয়ার মুক্তি এবং ২০ দলের দাবি মেনে নেওয়া। দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে আর এটির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি আরো বলেন, ‘আমরা শুধু আন্দোলন করব, নির্বাচনে যাব না, এটা ঠিক না। দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি পেলে আমরা নির্বাচনে যাব। আর সেই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি মিথ্যা মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি এবং ২০ দলের দাবি মেনে নেওয়া; সেই সঙ্গে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।’
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘খা‌লেদা জিয়া ভীষণভা‌বে অসুস্থ । তাঁর চি‌কিৎসার জন্য যে সরকার গঠিত বোর্ড, তা‌দের ম‌ধ্যে তিনজনই আওয়ামী লী‌গের। তাঁরাও ব‌লে‌ছেন, খা‌লেদা জিয়া খুবই অসুস্থ, অবিলম্বে তাঁকে হাসপা‌তো‌লে স্থানান্তর করতে হ‌বে। সেটাও করা হয় নাই।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘এই সরকার এত নির্মম যে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছেন, তাঁকে শুধু মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়নি, তাঁর সুচিকিৎসাও দেওয়া হচ্ছে না। তাই এই সরকারকে বলব, এই দিন দিন নয়/ আরো দিন আছে/ এই দিনই নিয়ে যাবে/ সেই দিনের কাছে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক গোলাম সরোয়ারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দীন এহিয়া খান মজলিস সারোয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য দেন। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button