বিনোদন

জাহ্নবীর ঘোর এখনো কাটেনি!

অভিষেকেই বক্স অফিসে বাজিমাত করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ ছবি এরই মধ্যে আয় করেছে একশ কোটির বেশি।
এরকম যখন অবস্থা তখন করণ জোহর তাঁর নতুন ছবিতে নিয়েছেন জাহ্নবীকে। যে ছবি পরিচালনা করবেন করণ জোহর নিজেই। এটা শুনে কেমন লাগছে জাহ্নবীর? তিনি বললেন, ‘এখনো ঝাঁকুনির মধ্যে আছি। ঘোর কাটেনি এখনো!’
বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘ধড়ক’-এর সাফল্যের জন্য একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শশাঙ্ক খৈতান, প্রযোজক ও পরিচালক করণ জোহর, ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও তাঁর বোন খুশি কাপুর।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক ‘ধড়ক’ এখন পর্যন্ত ১০৬ কোটি রুপি আয় করেছে।
করণ জোহরের আসন্ন ছবি ‘তাখত’-এ যুক্ত হতে পেরে কেমন লাগছে? জাহ্নবী বলেন, ‘আমি কী বলতে পারি? আমি এখনো ঝাঁকুনির মধ্যে আছি। এ ঘোর এখনো কাটেনি। এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুবই সৌভাগ্যবান।’
শ্রীদেবীকন্যা বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি ভালো কিছু করতে পারব। এ মুহূর্তে আমি আনন্দে আত্মহারা।’
প্রথম ছবিই একশ কোটির রুপির ঘরে পৌঁছেছে, এ ব্যাপারে প্রতিক্রিয়া কী? জাহ্নবী বলেন, ‘আমি খুব খুশি। আশা করি আরো মানুষ দেখবেন এবং ছবিটি পছন্দ করবেন। বক্সঅফিসে একশ কোটি ছোঁয়া মানে, অনেক মানুষ আমাদের ছবিটা দেখেছেন এবং আমাদের চরিত্র ও গল্প পছন্দ করেছেন।’

জাহ্নবী বলেন, ‘আশা করি, আমাদের কাজ দিয়েই আমরা মানুষকে প্রভাবিত করব। মানুষের সাড়া পেয়ে আমি খুব খুশি। এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত এবং এর চেয়ে বড় কিছু হতে পারে না।’
জানা যায়, ‘তাখত’ মোগল আমলের কাহিনী নিয়ে যুদ্ধকাব্য। এটা পরিবার, আকাঙ্ক্ষা, লোভ, প্রতারণা, ভালোবাসা সবকিছু নিয়েই। এককথায়, ‘তাখত’ যুদ্ধ ও ভালোবাসার গল্প।
‘তাখত’-এ বড় বড় তারকা অভিনয় করবেন। এদের মধ্যে রণবীর কাপুর, কারিনা কাপুর, আলিয়া ভাট, অনিল কাপুর, ভিকি কুশল ও ভূমি পেদনেকার। চিত্রনাট্য লিখেছেন সুমিত রায়। সংলাপ লিখেছেন সুমিত রায় ও হুসেইন হায়দরী। ছবির প্রযোজক হিরো ইয়াশ জোহর ও অপূর্ব মেহতা। ২০২০ সালে ছবিটি মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button