বিনোদন

ফিরলেন নেহা কক্করের সাবেক প্রেমিক

বলিউড অভিনেতা হিমাংশ কোহলি ‘ইয়ারিয়ান’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, যেটি প্রযোজনা করেছিল টি-সিরিজ। তবে সংগীতশিল্পী নেহা কক্করের সঙ্গে প্রেমবিচ্ছেদের পর তিনি প্রচারের আলোয় আসেন।
বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির সম্পর্কে তিক্ততার পর বিচ্ছেদ হয়। সেই কথা স্মরণ করে একবার নাচের রিয়েলিটি শোতে কান্নায় ভেঙে পড়েন নেহা। এই সংগীতশিল্পীর ভক্তরা আজও তাঁদের বিচ্ছেদ মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে নেহার ভক্তরা নানা নেতিবাচক মন্তব্য করেন কোহলিকে।
যা হোক, বহুদিন কোনো কাজের কারণে হিমাংশ কোহলি শিরোনাম হননি। এবার তাঁর আসন্ন প্রকল্প সম্পর্কে জানা গেল। ‘তেরা শেহার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও দিয়ে ইন্ডাস্ট্রিতে ফিরছেন এ অভিনেতা। আসন্ন এ গানে তাঁর সহতারকা পিয়া বাজপেয়ি।
এক বিবৃতিতে হিমাংশ কোহলি বলেছেন, ‘আমি শাহরুখ খানের একনিষ্ঠ ভক্ত এবং তাঁর কাজেরও দারুণ ভক্ত। যখন শুট চলছিল, মনে হচ্ছিল আমি যেন ছবির ভূমিকায় রয়েছি। এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা।’
‘শুটিং করার সময় একদম বরফঠাণ্ডা লোকেশন ছিল। শুধু টি-শার্ট পরতে হয়েছিল। যদিও খুব চ্যালেঞ্জিং ছিল, তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি,’ যোগ করেন কোহলি। মিউজিক ভিডিওটির শুট হয় আর্মেনিয়ার বিভিন্ন বিখ্যাত স্থানে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ কালাম। সুর করেছেন অমল মালিক। গানটির কথা লিখেছেন মনোজ মুনতাসির।
শোনা যাচ্ছে, সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৩তম মৌসুমে অংশ নিতে চলেছেন হিমাংশ কোহলি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা আসেনি। হিমাংশকে সর্বশেষ নেহা কক্করের মিউজিক ভিডিও ‘ওহ হামসফর’-এ দেখা গেছে।
নেহা কক্কর ও হিমাংশ কোহলি তাঁদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দশম মৌসুমে। গুঞ্জন ছিল, দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। কিন্তু কয়েক মাস পরেই তাঁদের বিচ্ছেদ হয়। এরপর নেহা জীবনে কঠিন সময় পার করেছেন এবং তিক্ত বিচ্ছেদের পর বিষণ্ণতায় ভুগেছেন বলেও জানিয়েছিলেন।
বিচ্ছেদের পর নেহার ভক্তরা খেপে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির ব্যাপক সমালোচনা করেন তাঁরা। এমনকি তাঁকে ‘প্রতারক’ বলে আখ্যাও দেন। অবশ্য পরে নেহা তাঁর ভক্তদের থামান। বলেন, হিমাংশ কোহলিকে তাঁরা যেন লক্ষ্য না করেন। তিনি তাঁর সঙ্গে প্রতারণা করেননি। এরপর বেশ কয়েকটি লাইভ কনসার্ট ও শোতে কোহলির কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন নেহা।
বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে নেহা বলেছিলেন, বিচ্ছেদের পর আর কোনো সম্পর্কে জড়ানোর মতো অবস্থা নেই তাঁর। একা থেকেই তিনি ভালো আছেন। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button