ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী মুসলিমদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন।
মাওলানা বুখারী বলেছেন, ‘বর্তমান সময়ে মুসলিমদের ওপরে আক্রমণ করা হচ্ছে। বর্তমানে মুসলিমদের যে পরিস্থিতি, তা বিগত সাত দশকেও এমন হয়নি। গণপিটুনির নামে নিরপরাধ ৬৪ জন মুসলিমকে হত্যা করা হয়েছে।’
তিনি রাহুল গান্ধীকে প্রশ্ন করে বলেন, সরকার যে ব্যবহার তাদের সঙ্গে করছে তাতে তিনি নিশ্চুপ হয়ে আছেন কেন? মুসলিমদের ওপরে অত্যাচারের ঘটনাতে কী তিনি এভাবে চুপ করে থাকবেন?
মাওলানা বুখারী বলেন, দেশে বর্তমানে যে পরিবেশ তাতে মুসলিমদের ব্যবসা করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুসলিমরা টুপি পরতে ও দাড়ি রাখতে ভয় পাচ্ছে। তাদের জীবন ও সম্পত্তি সবসময় ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি মুসলিমদের নিরাপত্তার জন্য সরকারের ওপরে চাপ সৃষ্টি করুন। যাতে দেশের মুসলিমরা আগের মতো নির্ভয়ে বাস করতে পারে।’
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম আপনার দল দায়িত্ব নিয়ে বিরোধী দলের কর্তব্য পালন করবে এবং সরকারকে ওই বিষয়ে চাপ দেবে। কিন্তু কংগ্রেসের ভূমিকা দেখে আমরা আশাহত হয়েছি।’
প্রসঙ্গত, রাহুল গান্ধী সম্প্রতি দিল্লিতে মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে এক উর্দু দৈনিকে দাবি করা হয় রাহুল গান্ধী কংগ্রেসকে মুসলিমদের দল বলেছেন। এ নিয়ে বিতর্ক বাড়লে দলটির পক্ষ থেকে সাফাই দিয়ে বলা হয় রাহুলের বক্তব্য ভুলভাবে প্রকাশ করা হয়েছে।
পার্সটুডে




