দেশের শতাধিক হলে ‘ভাইজান এলো রে’

শাকিব খানের মুখে গত কয়েক মাস ধরে একটি ছবির নাম বারবার শোনা যাচ্ছিল। সেই ছবিটি হচ্ছে ‘ভাইজান এলো রে’। অনেকে তো তাকে দুই বাংলার ভাইজান বলেও ডাকাশুরু করেছেন। কারণ, দুই বাংলাতেই বর্তমানে দাপটের সঙ্গে কাজ করছেন এই ঢালিউড কিং। আগামী শুক্রবার দেশের ১০৯টিও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজের এ ছবিটি গত ঈদুল ফিতরের কলকাতায় মুক্তি পায়।
আর এবার দেশের দর্শকদের জন্য ছবিটি আমদানি করেছে এন ইউ আহমেদ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল।
ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ‘এটি ওপার বাংলায় গত ঈদে ‘সুলতান’ ও ‘রেস থ্রি’ ছবির সঙ্গে লড়াই করেছে। সেখানে ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। বাংলাদেশের দর্শকরা ছবিটি একটু দেরিতে পেলেও এ নিয়ে আগ্রহের শেষ নেই তাদের।’
আমদানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ছবিটি নিয়ে সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। সারা দেশে এখন পর্যন্ত ১০৯টি হল চূড়ান্ত হয়েছে। তবে সিনেমা হলের মালিকদের ছবিটি নিয়ে যে আগ্রহ লক্ষ্য করছি তাতে মোট ১২০টি সিনেমা হলে মুক্তি পাবে বলে আশা করছি।’
কলকাতার জয়দীপ মুখার্জি পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন- দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী,দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি সহ আরো অনেকে।




