খেলা

ধৈর্য ধরার ফল পেয়েছে জার্মানরা’

গতবারের বিশ্বকাপ শিরোপাধারী জার্মানির জন্য সুইডেনের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই বাঁচা-মরার। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হওয়া জার্মানদের নকআউট পর্বে খেলতে হলে জিততেই হতো। রাশিয়া বিশ্বকাপে এই গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে। তারা ২-১ গোলে জিতে জাগিয়ে রেখেছে নকআউট পর্বে খেলার আশা। শেষ মুহূর্তের এমন গোলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জার্মান কোচ জোয়াকিম লো। কোচের মতে, খেলোয়াড়রা ধৈর্য ধরে শেষ সময় পর্যন্ত নিজেদের ওপর বিশ্বাস রাখার পুরস্কার পেয়েছে ম্যাচ জিতে।
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ধরাশায়ী হওয়ায় জার্মান শিবিরে আশঙ্কা জাগে নকআউট পর্ব নিয়ে। সুইডিশরা তাদের চেপেও ধরে। সোচিতে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধে বেশ নাকাল ছিল জার্মানি। এক গোলে পিছিয়ে ছিল, হজম করতে পারত আরো কয়েকটি গোল। তবে ইনজুরি সময়ে ফ্রিকিক থেকে একটি গোল করে নাটকীয়ভাবে ম্যাচে জয় তুলে নেয় জার্মানি। টনি ক্রুস চমৎকার গোলটি করে দলকে
পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।
ম্যাচের পর উচ্ছ্বসিত কোচ বলেন, ‘আমি ছেলেদের বলেছিলাম, প্রথম ৪৫ মিনিট ঠান্ডা মাথায় খেলতে। খেলোয়াড়দের মধ্যে ছোট ছোট পাস দিয়ে খেলা নিজেদের মাঝে চালিয়ে
নিতে বলেছিলাম। ছেলেরা সফল।’
৫৮ বছর বয়সী এই কোচ আরো বলেন, ‘আমরা বেশ কয়েকটি সুযোগ হারিয়েছি। কিন্তু আমি দলের সামর্থ্য নিয়ে দারুণ খুশি। আমরা কখনো জয়ের ব্যাপারে আশাহত হই না। একেবারে শেষ মুহূর্তে গোল পেয়েছি। সে ক্ষেত্রে ভাগ্য আমাদের কিছুটা সাহায্য করেছে। কিন্তু আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাইনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button