সাকিবের রেকর্ড : মোস্তাফিজের শুভেচ্ছা

একটি উইকেটের জন্য সাকিবের তিন শ’ উইকেটের মাইলফলকটি স্পর্শ করা হচ্ছিল না। মঙ্গলবার মোস্তাফিজের দল মুম্বাইয়ের বিপক্ষে সেই রেকর্ড গড়েন বাংলাদেশ অধিনায়ক। টি-২০ ফরম্যাটে তিন শ’তম উইকেটটি শিকার করেন তিনি। তার এমন কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন মুম্বাইয়ের হয়ে খেলা তার জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমান।
টুইটারে মোস্তাফিজ লিখেন, ‘মাঠে আরো একটি কঠিন দিন কাটলো। কিন্তু ভালো লাগছে টি-২০তে বাঁ-হাতি স্পিনার হিসেবে প্রথম তিন শ’ উইকেট শিকার করলেন সাকিব ভাই। এবং দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে তিন শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।’
কাল ১১৮ রান করেও মুম্বাইকে ৩১ রানে হারিয়েছে সানরইজর্স হায়দরাবাদ। সাকিব তিন ওভার বল করে ১৬ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। এই একটি উইকেটের জন্য দুই ম্যাচ অপেক্ষা করতে হয়েছে তাকে। অবশেষে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে তিন শ’ উইকেটের কৃতিত্ব অর্জন করেন সাকিব।




