খেলা

হায়দরাবাদের একাদশে বড় পরিবর্তন!

আইপিএলে আজ মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। তবে সাকিব আজ মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ একাদশে আনা হতে পারে পরিবর্তন। এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইট জানিয়েছে, হায়দরাবাদে সম্ভাব্য তিনটি পরিবর্তন হতে পারে। ওপেনিং করতে পারেন ইনজুরি কাটিয়ে উঠা শিখর ধাওয়ান। সাকিবের জায়গায় নেয়া হতে পারে ইংলিশ তারকা আলেক্স হেলসকে। আর ইনজুরিতে আক্রান্ত ইউসুফ পাঠানের পরিবর্তে বিপুল শার্মা অথবা সচিন বেবি।
এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। দলে সাথে মুম্বাইয়ে আসেননি তিনি। ফলে একাদশে তার না থাকাটা এখন নিশ্চিত।
এবারের আসরের শুরুটা জয় দিয়ে হয়েছিল হায়দরাবাদের। টানা তিনটি ম্যাচ জিতেছিল তারা। কিন্তু এরপরই টানা দুটি ম্যাচে হারে তারা। আজ ৬ষ্ঠ ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদ। জয়ের ধারায় ফিরতে তাই পরিবর্তন আনা হচ্ছে দলটিতে।
এবার শুরু থেকেই দুর্দান্ত ফর্মে সাকিব। এখনও পর্যন্ত পাঁচটি উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং ২১ বলে ২ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ৮৭ রান। আজ সাকিবের সামনে তিন শ’ উইকেট এবং চার হাজারি ক্লাবে প্রবেশ করার অনন্য সুযোগ। যদি তিনি মাঠে নামতে না পারেন তাহলে এই কীর্তি গড়ার জন্য অপেক্ষায় থাকতে হবে সাকিবকে।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ : শিখর ধাওয়ান/ রিকি ভুই, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান/ আলেক্স হেলস, ইউসুফ পাঠান/বিপুল শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, বিলি স্ট্যানল্যাক, সন্দ্বীপ শর্মা ও সিদ্ধার্থ কউল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button