শিক্ষা

শাবিতে র‌্যাগিং : ক্ষমা চাইলেন জাফর ইকবাল

সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও বহিষ্কৃতদের সাজা কমানোর দাবিতে কিছু শিক্ষার্থীর আন্দোলনের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন বিশিষ্ট লেখক ও ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
তিনি বলেন, র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের শাস্তি কম হয়ে গেছে। তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে রাষ্ট্রীয় আইনে বিচার করা উচিত ছিল।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ফেস্টিভাল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অপরাধ প্রমাণ হওয়ার পরে যখন দোষীদের শাস্তি দেওয়া হলো তখন ওই শাস্তি মেনে নিয়ে তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু তা না করে তারা শাস্তি কমানোর দাবিতে আন্দোলন করছে। এর মাধ্যমে তারা ছাত্রদের কষ্ট দিচ্ছে, শিক্ষকদের সাথেও বেয়াদবি করছে।
তিনি বলেন, ওইসব শিক্ষার্থীর শিক্ষক হিসেবে আমি লজ্জিত। লজ্জাবোধ থেকেই সকলের কাছে ক্ষমা চাইছি।
গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসের একটি পার্শ্ববর্তী মেসে ডেকে নিয়ে অর্ধনগ্ন করে রাতভর র‌্যাগিং করে একই বিভাগের ১৯ জন সিনিয়র শিক্ষার্থী। এমনকি অর্ধনগ্ন করে ছবি তুলে ফেসবুকে সেসব ছবি আপলোড করতে বাধ্য করা হয় ঐ ছয় শিক্ষার্থীকে।
এ ঘটনায় গত বুধবার ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ ১৯ জনকে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তের পরপরই শাস্তি কমানোর দাবিতে আন্দোলনে নামেন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। তারা দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃহস্পতিবার দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button