আন্তর্জাতিক সংবাদ

এরদোগানের সঙ্গে ফোনালাপে রুহানির হুঁশিয়ারি

আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা বিনষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। এসময় তিনি ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান।
প্রেসিডেন্ট রুহানি বলেন, এখন এ অঞ্চলের দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন দেশে পুতুল সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করা হচ্ছে। সর্বাত্মক সম্পর্কের মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত এ ষড়যন্ত্র নস্যাতের জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে।
ফোনালাপের সময় দুই প্রেসিডেন্ট সিরিয়াসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন। হাসান রুহানি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সিরিয়াকে সন্ত্রাসীমুক্ত করা এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে ইরান ও তুরস্কের জন্য অভিন্ন লক্ষ্য।
তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদেরকে এ এলাকায় নতুন করে শক্তি অর্জন এবং পুনর্গঠিত হওয়ার সুযোগ দেয়া উচিত হবে না। তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আরব এ দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং পরামর্শের মাধ্যমে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখা দরকার।
ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট মাসব্যাপী সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-বিরোধী অভিযান সম্পর্কে প্রেসিডেন্ট রুহানিকে বিস্তারিত জানান। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে তুরস্কের প্রতি সমর্থন দেয়ার জন্য এরদোগান ইরানের প্রশংসা করেন। তিনি সিরিয়া ইস্যুতে ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button