বেরোবিতে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে নবীনদের বরণ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী-সমাবর্তন ২০১৮। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানমালার শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এর পর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশেষ সজ্জায় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী পদযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুল অনুষ্ঠান স্থানে ফিরে আসে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহর সভাপতিত্বে ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আসিফ-আল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) এর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ড. মাজহারুল আনোয়ার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থী।

অনুষ্ঠানে ভোট ফর থ্যাঙ্কস প্রদান করেন আয়োজক কমিটির সদস্য-সচিব ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান।
উল্লেখ্য: এবারেই প্রথম উদ্বোধনী-সমাবর্তন অনুষ্ঠানের মধ্যদিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি ওরিয়েন্টেশনের দিনেই সকল শিক্ষার্থীকে আইডি কার্ড, বিশেষ টি-শার্ট এবং প্রয়োজনীয় উপকরণ সংবলিত একটি করে ফাইল সকলের মাঝে হস্তান্তর করা হয়।




