সালমান খানকে খুনের হুমকি গ্যাংস্টারের
বলিউড সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিল পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনই।
লরেন্স সাধারণ কোনো গুন্ডা নয়, পাঞ্জাবে তার কুখ্যাত দুষ্কৃতীদের দল রয়েছে। যোধপুরের এক নামী ব্যবসায়ীকে সে খুন করেছে বলে অভিযোগ। এই মুহূর্তে লরেন্স জেলে। কিন্তু সে হুঁশিয়ারি দিয়েছে, চাইলে যে কোনো জেল থেকে পালাতে পারে সে।
শুক্রবার লরেন্সকে ব্যবসায়ী খুনের মামলায় যোধপুরের একটি আদালতে তোলা হয়। শুনানির পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সে হুমকি দিতে শুরু করে। বলে, এই যোধপুরেই খতম করে দেবে সালমান খানকে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া তার কাছে কোনো ব্যাপারই না। তবে এখনই জেল পালানোর ইচ্ছে নেই তার।
কেন সে সালমানকে খুন করতে চায়, সে ব্যাপারে কিছু বলেনি লরেন্স। তবে মনে করা হচ্ছে, ব্ল্যাকবাক হরিণ শিকারই তার সালমানকে এই হুমকি দেওয়ার আসল কারণ। কারণ রাজস্থানের বিশনই সম্প্রদায়ের কাছে এই হরিণ পূজ্য, তাদের আবেগের বিষয়।
গত বৃহস্পতিবার ব্ল্যাকবাক হরিণ শিকারের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সালমান খান।
যোধপুর পুলিশ জানিয়েছে, এই গ্যাংস্টারের হুমকি তারা হালকাভাবে নিচ্ছে না। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ যোধপুরের জঙ্গলে ছবির শুটিং করতে গিয়ে হরিণ শিকার করেন সালমান খান ও তার সহ-শিল্পীরা। সালমানের বিরুদ্ধে .২২ রাইফেল ও .৩২ রিভলভার দিয়ে দুটি কৃষ্ণসার হরিণকে মারার অভিযোগ ওঠে। যোধপুরের কঙ্কনি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়া ওই অস্ত্র দিয়েই হরিণ হত্যা করেন তিনি।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এপ্রিল ২০০৬ এবং অগাস্ট ২০০৭-এ দু’বার কারাগারে যেতে হয়েছিল সালমানকে।
বিশনইর বিরুদ্ধে পাঞ্জাব-হরিয়ানা এলাকায় হত্যাচেষ্টা, গাড়ি ছিনতাই, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে ২০টির বেশি মামলায় রয়েছে। সূত্র: এনডিটিভি




