প্রবাস

মক্কায় দুর্ঘটনায় ইটালি প্রবাসী বাংলাদেশী পরিবারের তিনজনের মৃত্যু

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশীর স্ত্রী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন স্ত্রী-সন্তানের সাথে থাকা প্রবাসী কামরুল ইসলাম নিলয়। নিহতরা হলেন- নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তার দুই ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।
নিলয়ের অবস্থাও আশংকাজনক। জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন। তারা দুজন কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের লাশ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। তিনিও ওই এলাকার বাসিন্দা।
জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব এসেছিল। ওমরা পালন শেষেই তাঁরা মদিনা যাচ্ছিলেন।
মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, ওমরা পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button