নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ, একজন আটক
আমেরিকার নিউইয়র্ক শহরের ব্যস্ততম বাস স্টেশনে এক বিস্ফোরণ ঘটেছে।
নগর পুলিশ বলছে, একজন সন্দেহভাজন পুরুষকে তারা আটক করেছে, এবং ওই বিস্ফোরণে একমাত্র ওই ব্যক্তিই আহত হয়েছে।
সংবাদ মাধ্যমে বলা হচ্ছে – এই ব্যক্তি হয়তো একটি আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল । তার দেহে তার বাঁধা ছিল এবং তার সাথে একটি পাইপ বোমা ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ছবিতে দেখা যাচ্ছে, কথিত সন্দেহভাজন লোকটি মাটিতে পড়ে আছে, তার কাপড়চোপড় ছেঁড়া এবং শরীরের ওপরের অংশ ক্ষতবিক্ষত।

পাইপ বোমাটি আংশিকভাবে বিস্ফোরিত হয় বলে খবর পাওয়া গেছে।
নিউইয়র্কের পোর্ট অথরিটি নামের বাস টার্মিনালে সকালবেলার যাত্রীদের ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে ।
অন্য আরো তিনজনের সামান্য আহত হবার খবরও পাওয়া যায়।
এ ঘটনার কথা ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয়েছে।

বিস্ফোরণের পর পুরো এলাকায় লোকজনের ছুটোছুটি-হুড়োহুড়ি শুরু হয়।
সন্ত্রাস দমন পুলিশ এবং দমকল বাহিনীর লোকেরা শত শত লোককে বাস টার্মিনাল এবং তার নিচের পাতাল রেল স্টেশন থেকে বের করে নিয়ে আসে।
ঘটনার পর টার্মিনালটি এবং টাইমস স্কোয়ার সাবওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। বিবিসি।



