চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দুর্নীতি দমনে গুরুত্বারোপ

চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস চলছে। এবারের কংগ্রেসে দুর্নীতি দমনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে পক্ষপাতমূলক বক্তব্য দেওয়া থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য চীনকে দায়ী করেন। খবর চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও সিএনএনের
গতকাল বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাতীয় কংগ্রেসের প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার কংগ্রেস শুরু হয়। কেন্দ্রীয় শৃঙ্খলা ব্যবস্থাপনা কমিশনের উপ-সম্পাদক ও শৃঙ্খলাবিষয়ক মন্ত্রী ও জাতীয় দুর্নীতি প্রতিরোধ ব্যুরোর মহাপরিচালক ইয়াং সিয়াও দু সাংবাদিক সম্মেলনে বলেন, কংগ্রেসের পর দুর্নীতি দমনকে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমনে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কেউ দুর্নীতি করার সাহস না পায় ও নিজের ইচ্ছায়ই দুর্নীতি থেকে সরে দাঁড়ায়। এভাবেই দুর্নীতি দমন সংগ্রামে আমাদের বিজয় অর্জিত হবে বলে উল্লেখ করেন ইয়াং সিয়াও। জাতীয় কংগ্রেসের বিবরণীতে ১৩বার ‘পার্টির গঠন’, সাতবার ‘সার্বিক ও কঠোরভাবে পার্টি’ শাসন করার কথা উল্লেখ রয়েছে। বিবরণীতে অভূতপূর্ব মাত্রায় পার্টির গঠনকাজ ও শাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং দুর্নীতি দমন সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জনে’ নতুন লক্ষ্য স্থাপন করা হয়েছে।




