শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রেলওয়ে ও ফায়ার সার্ভিস দেবে এই অর্থ :হাইকোর্ট
রাজধানীতে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ রেলওয়ে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলার প্রমাণ পেয়েছে হাইকোর্ট। এই অবহেলার দায়ে জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে বলা হয়েছে। রেলওয়ে ও ফায়ার সার্ভিসকে দশ লক্ষ করে টাকা ৯০ দিনের মধ্যে জিহাদের পিতা-মাতার কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ে এ নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে, হাইকোর্টের এই আদেশের পরেও অন্য আইনে রেলওয়ে বা ফায়ার সার্ভিসের দায় থাকলে উক্ত দায় থেকে তারা মুক্তি পাবেন না।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিল।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর নগরীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ। পরে ওই ঘটনায় সরকারি সংস্থাগুলোর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে শিশুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন। রায়ের পর রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সরকারি কর্মকর্তাদের দায়িত্বের অবহেলায় মারাত্মক মারাত্মক ক্ষতি, অঙ্গহানি বা মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।




