শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং : দেশ সেরা রাজশাহী কলেজ

পরীক্ষার ফলসহ ৩১টি সূচকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত স্নাতক ও স্নাতকোত্তর কলেজগুলোর মধ্যে পারমফরম্যান্স র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো দেশ সেরা হয়েছে রাজশাহী কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিংয়ে ২০১৬ সালের র‌্যাংকিংয়ে ৬৯ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে এ গৌরব অর্জন করেছে রাজশাহী কলেজ। দ্বিতীয়বারের মতো স্নাতক (সম্মান) ও মাস্টার্স কলেজের মধ্যে এই র‌্যাংকিং করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। ভিসি দাবি করেন, এই র‌্যাংকিং কলেজগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখবে।
রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই র‌্যাঙ্কিংয়ের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি জানান, জাতীয় পর্যায়ে শীর্ষ পাঁচ কলেজের মধ্যে বাকিগুলো হলো পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, রংপুরের সরকারি কারমাইকেল কলেজ, বরিশালের সরকারি বিএম কলেজ ও বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ।
৫টি শিরোনামে ৩১টি সূচকের মধ্যে রয়েছে- অনুষদ ভিত্তিক সূচক : শিক্ষার্থী প্রতি শিক্ষক সংখ্যা, এমফিল ডক্টরেটধারী শিক্ষকদের সংখ্যা। শিক্ষার পরিবেশ ও মান বিষয়ক সূচক : শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা, কলেজের প্রকাশনা, দুর্ঘটনা ও সংঘর্ষ। অ্যাকাডেমিক সুযোগ-সুবিধা বিষয়ক সূচক : ক্লাস রুম, বিশেষায়িত ল্যাব, অডিটরিয়াম, লাইব্রেরিতে প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য বইয়ের সংখ্যা, খেলার মাঠ, ইন্টারনেট, ওয়েবসাইট, মাল্টিমিডিয়া প্রজেক্টর বা ক্লাসরুম, টয়লেট ইত্যাদি। অ্যাকাডেমিক পারফরমেন্স/ অর্জন বিষয়ক সূচক : গ্রাজুয়েশন রেট, শিক্ষার্থীদের বৃত্তি অর্জন, অনার্স পর্যায়ে শিক্ষার্থীদের সিজিপিএ-৩ অর্জন কতগুলো। অতিরিক্ত কারিকুলাম ক্যাটগরিতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি।
মূলত কলেজগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। তবে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, শুধুই স্ব-মূল্যায়ন তা বলা যাবে না। কারণ এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তদারক করা হয়ে থাকে।
র‌্যাংকিংয়ে দেশের শীর্ষ সাত কলেজের তালিকায় রাজশাহীর পরে রয়েছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ। তাদের স্কোর ৬৩ দশমিক ৯৩ পয়েন্ট। তৃতীয় রংপুরের কারমাইকেল কলেজ (৬৪.০৫ পয়েন্ট), চতুর্থ বরিশালের বিএম কলেজ (৬৩.৯৩ পয়েন্ট) এবং পঞ্চম বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ (৬০.৭০ পয়েন্ট)। এছাড়াও দেশের সব সরকারি কলেজের মধ্যে সেরা অবস্থানে রয়েছে রাজশাহী কলেজ। সেরা বেসরকারি কলেজ হয়েছে ঢাকা কমার্স কলেজ (৬৩.২৮ পয়েন্ট) এবং সেরা মহিলা কলেজ ক্যাটাগরিতে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (৬০.৮১ পয়েন্ট)।
এছাড়াও আলাদা আলাদা স্কোর নির্বাচন করে সাতটি অঞ্চল ভিত্তিক সেরা কলেজ নির্বাচন করা হয়েছে। রাজধানীর বড় সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাওয়ায় সেগুলো এই র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়নি। বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় দু’সহস্রাধিক কলেজের মধ্যে সেরা ৭৮টি কলেজের নাম ঘোষণা করা হয়েছে।
স্কোরভিত্তিক জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের (৫টি সাধারণ, একটি সরকারি, একটি বেসরকারি ও একটি মহিলা কলেজ) নাম উঠে এসেছে। এছাড়াও বিভাগভিত্তিক বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের প্রত্যকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৭০টি ও সারাদেশে ৭৮টি কলেজ নির্বাচিত করা হয়েছে।
অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, নির্বাচিত সেরা ৭ কলেজকে উৎসাহিত করতে আগামী ১২ অক্টোবর অধিভুক্ত সব কলেজের প্রতিনিধিদের উপস্থিতিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এ শ্লোগানে শিক্ষা সমাবেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেরা সাত কলেজকে সম্মননা স্মারক ও পুরস্কার প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সলর জানান, আগামী ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার রজতজয়ন্তী। ওই দিন সকাল ১০টায় অভিন্ন ব্যানারে দেশব্যাপী সকল কলেজে শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, ২৫শে অক্টোবর সকাল ১১টায় গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে রজতজয়ন্তী অনুষ্ঠান হবে। ক্যাম্পাস সংলগ্ন সড়কে আনন্দ শোভাযাত্রা এবং ২৬শে অক্টোবর সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button