আজ দ.আফ্রিকা যাচ্ছেন টাইগাররা

দীর্ঘ নয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দল। সফরের প্রথমে টেস্ট সিরিজ থাকায় টেস্ট দলে ডাক পাওয়া ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে সবার আগে।
মোট দুই ধাপে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে মুশফিকবাহিনী। প্রথম ধাপে সকাল ১০টায় দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন খেলোয়াড় মাহমুদুল্লাহ, তাইজুল ইসলাম এবং লিটন দাস দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ছাড়বেন ঢাকা। আর দলের বাকি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বেন সন্ধ্যা ৭টায়।
মোস্তাফিজ-রুবেলদের বোলিং কোচ ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশ ছাড়া দলের বাকি কোচিং -স্টাফরা ছুটিতে থাকার ফলে দলের সাথে দক্ষিণ আফ্রিকা যাওয়া হচ্ছে না কারোরই। তাই ছুটি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকি কোচিং স্টাফরা দলের সাথে যোগ দেবেন সরাসরি দক্ষিণ আফ্রিকাতেই।
তাছাড়া বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নেয়া দেশসেরা ওপেনার তামিম ইকবালও দলের সাথে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না আজ। পাকিস্তান থেকে শনিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।
জানা গেছে, শনিবার রাতে দেশে ফিরে রোববারই দক্ষিণ আফ্রিকার উদ্যেশে উড়াল দিবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজের অংশ স্বাগতিকদের বিপক্ষে হিসেবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা মিশনের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজকে সামনে রেখে দীর্ঘদিন পর আবারো সাদা পোশাকের দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ তাছাড়া দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা বিবেচনায় রেখে দলে জায়গা দেওয়া হয়েছে দুই গতিতারকা রুবেল হোসেন ও শুভাশীষ রায়কে।
প্রসঙ্গত, দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি পোচেফ্স্ট্রুম মাঠে ২৮শে সেপ্টম্বর থেকে শুরু হবে আর সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টটি ৬ থেকে ১০ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনে। প্রসঙ্গত, টেস্ট সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ সময়ানুযায়ী শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে।
দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ টেস্ট দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।




