জাতীয়

জাল ফেললেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

অবশেষে মওসুমের শেষভাগে বরিশালের নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। শেষ ভাগে হলেও নদীতে ইলিশ ধরা পড়ায় এখানকার জেলেদের মধ্যে ভিন্নরকম ঈদের আনন্দ বিরাজ করছে। গত এক সপ্তাহ থেকে সাগরের পাশাপাশি নদীর ইলিশ বোঝাই ট্রলার ফিরতে শুরু করেছে বরিশালের ইলিশ মোকামগুলোতে। যে কারণে কর্মব্যস্ততা বেড়েছে মোকামগুলোতে। সাথে কমেছে মাছের দামও।
বরিশাল জেলা মৎস্য আড়তদার সমিতির প্রচার সম্পাদক ইয়ার উদ্দিন সিকদার জানান, গত এক সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় হাজার মণ করে ইলিশ আসছে বরিশালের মোকামে। সাগরের পাশাপাশি নদীতে ইলিশ মেলায় এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি গড়ে ১০ হাজার টাকা কম দামে ইলিশ বিক্রি হচ্ছে। বর্তমানে এক কেজি থেকে ১১ শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ ৪০ হাজার টাকা। গত এক সপ্তাহ আগে এর দাম ছিল ৫২ হাজার টাকা। ১২ শ’ থেকে সাড়ে ১২ শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ হাজার টাকা। গত সপ্তাহে তা বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়। সূত্রে আরো জানা গেছে, দেড় কেজি ওজনের সবচেয়ে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ ৯০ হাজার টাকা দরে। বড় সাইজের এ ইলিশের দেখা সহজে না মিললেও বর্তমানে তা পাওয়া যাচ্ছে। এ সাইজের ইলিশ প্রতি মণে কমেছে প্রায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও ছয় শ’ থেকে ৯৫০ গ্রাম ইলিশ প্রতি মণ ১০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। পাঁচ শ’ থেকে ছয় শ’ গ্রাম ইলিশ ২০ থেকে ২২ হাজার ও ছোট সাইজের ইলিশ প্রতি মণ ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের এ ইলিশের দামও প্রতি মণে পাঁচ থেকে সাত হাজার টাকা কমে বিক্রি হচ্ছে।
জেলেরা জানান, বরিশালের মেঘনা, তেঁতুলিয়া, কীর্তনখোলা ও সন্ধ্যাসহ বিভিন্ন নদীতে মওসুমের শেষভাগে ইলিশ মিলতে শুরু করায় জেলে পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে শুরু করেছে। সূত্র মতে, এখানকার জেলেরা সাগরে ইলিশ শিকার করেন না। তারা দীর্ঘ দুই মাস ধারদেনা কিংবা মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে নদী চষে বেড়িয়েও ইলিশের দেখা পাননি। যে কারণে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এখানকার জেলেদের মধ্যে তেমন কোনো আনন্দ ছিল না। পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক তো দূরের কথা, ভালো খাবারও জোটেনি জেলে পরিবারগুলোতে। কিন্তু গত এক সপ্তাহ থেকে নদীতে ইলিশ মিলতে শুরু করায় জেলে পরিবারের মধ্যে ভিন্নরকম ঈদের আনন্দ ফিরে এসেছে। রোববার সকালে নগরীর পোর্ট রোডের মোকামে বসে জেলে ইউসুফ মাঝি জানান, গত সাত দিনে তিনি প্রচুর ইলিশ বিক্রি করেছেন।
বরিশাল নগরীর নতুন বাজারে বসে কথা হয় ইলিশ ক্রেতা তানভির আহমেদ অভির সাথে। তিনি বলেন, চলতি বছর ইলিশের স্বাদ উপভোগ করতে পারিনি। এত দিন সাগরের ইলিশ ক্রয় করলেও তার স্বাদ নদীর ইলিশের তুলনায় অনেক কম। এবার নদীর ইলিশ কম দামে কিনতে পেরে আমরা মহাখুশি।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button