আন্তর্জাতিক সংবাদ

বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে : হোয়াইট হাউসের গভীর উদ্বেগ

বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে রাখাইন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাখাইনে ২৫ আগস্ট পুলিশ চেকপোস্টে হামলার পর অন্তত তিন লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে গেছে। আমরা ওই হামলা ও সহিংসতার নিন্দা জানাই। তিনি বলেন, বেশিরভাগ বাস্তুহারা মানুষই বাংলাদেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। এসব মানুষকে মানবিক সহায়তা দেয়ায় আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। রাখাইন থেকে বিপুলসংখ্যক সংখ্যালঘুদের পালিয়ে যাওয়ার কারণে এটাই স্পষ্ট হয় যে, মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক মানুষকে রক্ষায় ব্যর্থ হচ্ছে।
সারা স্যান্ডার্স বলেন, আমরা মিয়ানমার নিরাপত্তা বাহিনীকে আইনের প্রতি সম্মান রেখে সহিংসতা বন্ধের আহ্বান জানাই। নিরাপত্তা বাহিনীকে মিয়ানমারের নির্বাচিত সরকারের সাথে একযোগে কাজ করে রাখাইন কমিশনের (আনান কমিশন) সুপারিশগুলো বাস্তবায়নের অনুরোধ করছি।
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতির প্রশংসা করে স্যান্ডার্স বলেন, যতদ্রুত সম্ভব এই সহায়তা পৌঁছে দিতে হবে। একইসাথে সহিংসতার শিকার এলাকাগুলোতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button