অকেজো রণতরী নিয়ে যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র!

মার্কিন নৌবাহিনীর বিদেশে মোতায়েন রণতরিগুলোর যুদ্ধ প্রস্তুতি নেই। আমেরিকার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
রক্ষণাবেক্ষণ সঙ্কট থেকে শুরু করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ঘাটতি পর্যন্ত নানা কারণে যুদ্ধ প্রস্তুতি নেই বলে একটি পর্যালোচনায় বলেছে জিএও। এতে আরো বলা হয়েছে, মাত্রাতিরিক্ত কাজ এবং অপ্রতুল প্রশিক্ষণের কারণে অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলোর জন্য অত্যাবশ্যকীয় রক্ষণাবেক্ষণও যথাসময়ে করা হয় না।
মাত্রাতিরিক্ত কাজের সামাল দিতে পারছে না বলে অনেক সময়ই মার্কিন নৌবাহিনী অভিযোগ করেছে এবং জিএও এর সত্যতা দেখতে পেয়েছে বলে জানান এ সংস্থার পরিচালক জন পেন্ডলেটন।
কোরিয় উপদ্বীপের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত মার্কিন সপ্তম নৌবহরে এ সব সমস্যা সবচেয়ে বেশি প্রকট বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, গত পাঁচ বছরে মার্কিন নৌবাহিনীতে অপ্রতুল প্রশিক্ষিত নৌসেনার সংখ্যা পাঁচগুণ বেড়েছে বলেও জানানো হয়।
দুই মাসের ব্যবধানে সপ্তম নৌবহরের দুটি যুদ্ধজাহাজ পৃথক সংঘর্ষের ঘটনায় ১৭ জন নৌসেনা নিহত হয়েছেন। দুটি ক্ষেত্রেই বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে মার্কিন দুই যুদ্ধজাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্বব্যাপী মার্কিন নৌবাহিনীর ভাবমর্যাদার ব্যাপক ক্ষতি হয়েছে।




